কালীগঞ্জের কৃষক নায়েব আলী হত্যা: ছেলের ফাঁসি, পিতার যাবজ্জীবন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ, লোকসমাজ : ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় অভিযুক্ত ছেলের মৃত্যুদণ্ড ও পিতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) দিদারুল আলম জানান, ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে জমি-সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিন।

এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ আগস্ট পুলিশ ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

বিচারিক কার্যক্রম শেষে আদালত আল-আমিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং তার বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

মামলাটির বিচারিক প্রক্রিয়া মাত্র সাত কার্যদিবসের মধ্যে সম্পন্ন হওয়ায় এটি জেলায় আলোচিত মামলাগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে।