জলবায়ুর প্রভাব মোকাবিলায় ঝিনাইদহে সড়কের পাশে দুই শতাধিক বৃক্ষরোপণ

0
'কুমড়াবাড়িয়া স্বেচ্ছাসেবী ও যুব উন্নয়ন সংগঠন'-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী মুহূর্ত।

ঝিনাইদহ প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ঝিনাইদহে তরুণদের উদ্যোগে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির প্রথম ধাপে সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের সড়কের দুই পাশে দুই শতাধিক সুপারি গাছের চারা রোপণ করা হয়।

বৃহস্পতিবার সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী ও যুব উন্নয়ন সংগঠন ‘কুমড়াবাড়িয়া স্বেচ্ছাসেবী ও যুব উন্নয়ন সংগঠন’ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির উদ্বোধন করেন রাকু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহাজ উদ্দিন মোল্লা।

পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে ঝিনাইদহে সুপারি গাছের চারা রোপণের দৃশ্য।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমী জহির রায়হান, সংগঠনের সভাপতি রিপন হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থা ও স্টার টিভির প্রতিনিধি সাংবাদিক শাহজাহান নবীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি এ উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে সড়কের দুই পাশে দুই শতাধিক সুপারি গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, গাছ প্রকৃতির অন্যতম রক্ষাকবচ। পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের উদ্যোগ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের বিভিন্ন এলাকায় পরিবেশ সুরক্ষায় এ ধরনের কর্মসূচি ছড়িয়ে দেওয়া প্রয়োজন।