মনিরামপুরে যুবলীগ নেতার হামলায় চেয়ারম্যান পুত্রসহ তিনজন আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুরে যুবলীগ নেতার হামলায় ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ৩জন গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা মতো ভিজিএফ কার্ড না পাওয়ায় এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। আহতরা হচ্ছেন, মনিরামপুর উপলক্ষে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী গাজীর পুত্র মোজাহেদুর রহমান রাসেল (১৯), আছর আলী গাজীর পুত্র আব্দুর রাজ্জাক (২৮) ও আব্দুল হাইয়ের পুত্র শাহিন (২৫)। তাদের বাড়ি ইউনিয়নের জয়পুর গ্রামে। মোজাহেদুর রহমান জানিয়েছেন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জয়ন্ত বসু ও তার সহযোগী শরীফুল ইসলাম বাবু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চেয়ারম্যান আয়ুব আলীর কাছে ৩শ ভিজিএফ কার্ড দাবি করে। কিন্তু কার্ডের সংখ্যা কম থাকায় জয়ন্ত বসুকে ৫০টি কার্ড দেন চেয়ারম্যান আয়ুব আলী গাজী। পরবর্তী আরো কার্ড দাবি করলে ১শ ৫০টি কার্ড দেয়া হয়। এতেই ওই যুবলীগ নেতা সন্তোষ হতে না পেরে চেয়ারম্যানের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২০ এপ্রিল সন্ধ্যায় রাসেল, আব্দুল, রাজ্জাক ও শাহিন জয়পুর বাজারে যান। তখন যুবলীগ নেতা জয়ন্ত বসুর নেতৃত্বে সোহেল আজিজুর, শরীফুলসহ ১৬ থেকে ১৮ জন তাদের ওপর হামলা চালায় এবং রড, হাতুড়ী ও লাঠিসোটা দিয়ে বেদম প্রহার করলে তারা গুরুতর আহত হন। আহতদের স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি আহতদের উপর চিকিৎসার জন্য গত শনিবার রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।