মনিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার

0
ছবি: ভ্যান চালক মহসিন আলী মোল্যা(২৪)।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরে বাড়ি থেকে ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হন চালক মহসিন আলী মোল্যা(২৪)। নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার সকালে পারখাজুরা বাঁওড় থেকে পুলিশ তার ভাসমান মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পরিবার ও পুলিশের ধারনা, ছিনতাইকারীরা তাকে হত্যার পর মরদেহ বাঁওড়ের পানিতে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে যায়।

এলাকাবাসী জানান, উপজেলা চালুয়াহাটি গ্রামের জাহিদ মোল্যার ছেলে মহসিন আলী মোল্যার(২৪) দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

মহসিনের পিতা জাহিদ মোল্যা জানান, গতমাসে পারিবারিক কলহে স্ত্রী তাকে ডিভোর্স দেন তিনি। ভ্যান চালিয়ে মহসিন সংসার চালাতেন। মঙ্গলবার বিকেলে তিনি বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন ভাড়ার উদ্দেশ্যে পাশের শয়লা বাজারে। কিন্তু তারপর আর ফিরে আসেননি।

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এলাকাবাসী রামপুর গ্রামের স্কুল শিক্ষক আব্দুল হাকিমের বাড়ির পাশে পারখজুরা বাঁওড়ের কিনারায় বাঁশঝাড়ের মধ্যে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। সকাল ১১ টার দিকে পুলিশ সেখান থেকে মহসিনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ জানান, মরদেহের চোখ ও মুখে ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ভাড়ার কথা বলে ছিনতাইকারীরা তাকে ফোন দিয়ে ডেকে নিয়ে ছুরিকাঘাত ও শ্বারোধে হত্যার পর মরদেহটি বাঁওড়ের পানিতে ফেলে দিয়ে ভ্যান ও তার মোবাইল ফোন নিয়ে যায়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিলো। হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে পুলিশ এখনও আটক করতে পারেনি।