মনিরামপুরে তিনটি ক্লিনিকে জরিমানা ও সিলগালা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে লাইসেন্স না থাকা, নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়মের কারণে তিনটি ক্লিনিকে জরিমানা ও সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিচারক আলী হাসান জানান, বেলা ১২ টার দিকে উপজেলার মশিয়াহাটি এলাকার সুজাতপুরে অবস্থিত কেসি সার্জিকেল অ্যান্ড শিশু প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে হাসপাতালের মালিক ডা. প্রশান্ত কুমারকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বিকেলে হরিহরনগর ইউনিয়নের পারবাজারে অবস্থিত পারবাজার সার্জিকেল ক্লিনিক, রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপি নামে দুইটি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তন্ময় বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু, নেহালপুর ও ঝাঁপা পুলিশ ক্যাম্প এবং রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।