মনিরামপুরে আধুনিক পাঞ্জাবি তৈরির কারিগর রেজাউলের অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে আধুনিক ডিজাইনের পাঞ্জাবি তৈরির কারিগর রেজাউল ইসলাম মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল সম্পত্তি বিক্রি করে তাকে ব্যয়বহুল চিকিৎসা করানো হচ্ছিল। কিন্তু চিকিৎসকের পরামর্শে তাকে আরো ১২ টি কেমোথেরাপিসহ উন্নত চিকিৎসা দিতে হবে। এ জন্যে তার এখন প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা। কিন্তু অর্থাভাবে বর্তমানে তার চিকিৎসা বন্ধ। অন্যদিকে তিন সন্তানের লেখাপড়াও প্রায় বন্ধ। রেজাউল ইসলাম নিজবাড়িতে বিনা চিকিৎসায় ধুকছেন।
উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত গোলাম কাদের বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম(৫৮) নব্বই দশকে দেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান থেকে পাঞ্জাবি তৈরির জ্ঞান লব্ধ করেন। অনেক অভিজ্ঞতা অর্জনের পর তিনি মনিরামপুর বাজারে গড়ে তোলেন মক্কা টেইলার্স নামে একটি প্রতিষ্ঠান। খুব স্বল্প সময়ের মধ্যে তিনি এলাকায় আধুনিক ডিজাইনের পাঞ্জাবি তৈরির মাস্টার হিসেবে সুখ্যাতি অর্জন করেন। তার সুখ্যাতি দেশ- বিদেশেও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মোটা বেতনে চাকরির প্রস্তাব পেয়ে তিন ছেলে সন্তানের জনক রেজাউল ইসলাম সৌদি আরবে পাড়ি জমান। ১৭ বছর পর তিনি ২০১৭ সালে দেশে চলে আসেন। পরে তিনি মনিরামপুর পৌরশহরে পাঁচ শতক জমি কিনে আবার নতুন করে ব্যবসা শুরু করেন।
এক পর্যায়ে ২০২১ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি মলদ্বারে ক্যান্সারে আক্রান্ত হন। সেই থেকে দেশের নামকরা সব বিশষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এ চিকিৎসার ব্যয় বহনের জন্যে তার প্রিয় ব্যবসা প্রতিষ্ঠান, পৌরশহরের জমি ছাড়াও পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে হয়েছে। কিন্তু রেজাউল এখনও সুস্থ হননি।
রেজাউলের স্ত্রী সাজেদা বেগম জানান, ঢাকা মহাখালির ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সাগর পরামর্শ দিয়েছেন তার স্বামীকে সুস্থ করতে ১২ টি কেমোথেরাপিসহ উন্নত চিকিৎসার প্রয়োজন । এ জন্যে ব্যয় হবে প্রায় ১০ লাখ টাকা। কিন্তু এতো টাকা এখন রেজাউলের পক্ষে যোগাড় করা অসম্ভব। তার ওপর তিন ছেলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। ফলে অর্থাভাবে একদিকে তার চিকিৎসা বন্ধ রয়েছে অন্যদিকে তার তিন সন্তানের লেখাপড়াও প্রায় বন্ধ। জীবন বাঁচাতে তিনি চিকিৎসার জন্যে দেশ-বিদেশের হৃদয়বান মানুষের কাছে আকুতি জানিয়েছেন অর্থনৈতিক সহযোগিতার জন্যে। সাহায্য পাঠানোর ঠিকানা চলতি হিসাব নম্বর ০২০০০১২১২৮৮৩৬, অগ্রণী ব্যাংক লি: ,মনিরামপুর শাখা যশোর। বিকাশ নম্বর ০১৭১৫-১৬৮৫২৯।