মণিরামপুরে আমন চাষ হয়নি ৯৮০ হেক্টরে জমিতে

0

 

ওসমান গণি, রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মণিরামপুর উপজেলার পশ্চিমাঞ্চলের ৬টি ইউনিয়নে চলতি মৌসুমে তীব্র পানির সংকটে ৯শ ৮০ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা সম্ভব হয়নি। গত বছরে বৃহত্তর এ অঞ্চলে রোপা আমন চাষ হয়েছিল ২৩ হাজার ৬শ ৫০ হেক্টর জমিতে। সেখানে চলতি বছরে রোপা আমন চাষ হয়েছে মাত্র ২২ হাজার ৬শ ৭০ হেক্টর জমিতে। যা গত মৌসুমের চেয়ে ৯শ ৮০ হেক্টর কম।
চাষিরা বলছেন, তীব্র তাপদহের পর আকাশ থেকে বৃষ্টি না হওয়ায় পানির মারাত্মক সংকটের কারণে ক্ষেতের জমি ফেঁটে চৌচির। এমতাবস্থায় পানি কিনে রোপা আমন চাষ করা তাদের পক্ষে সম্ভব নয়। এ কারণে এবার ৯শ ৮০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়নি। বিভিন্ন মাঠ এখন সবুজ গাছে ভরে উঠেছে। এলাকার কৃষকরা চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের আশা করলেও তীব্র পানি সংকট ও পঁচা রোগসহ মাজড়া পোঁকার আক্রমণে তাদের সে স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বৃহত্তর এ উপজেলার ৫২টি ব্লক রয়েছে। প্রতিটা ইউনিয়নে ৩টি করে ব্লক রয়েছে। এই ব্লকের আওতায় রোহিতা ইউনিয়নে ১৫শ ৯৭ হেক্টর, খেদাপাড়ায় ২হাজার ২শ ৫৩ হেক্টর, হরিহরনগরে ১হাজার ৬শ ৩২ হেক্টর, ঝাঁপাতে ২হাজার ২শ ৩৬হেক্টর, মশ্মিমনগরে ১৬শ ৭৮ হেক্টর, চালুয়াহাটিতে ১৫শ ৫০ হেক্টর জমিতে চলতি মৌসুমে রোপা আমন ধানের চাষ হয়েছে।
এরমধ্যে দেশীয় উচ্চ ফলনশীল বিনা-১৭, বিনা-৭, বিআর- ৪৯, বিআর- ৫১, বিআর- ৮৭, বিআর-৫৮, বিআর- ৭৫ বিআর-২৩ ও বিআর ১০ জাতের ধানসহ বিদেশী স্বর্ণা ধানের ব্যাপক চাষ হয়েছে বলে জানা যায়। চলতি আমন মৌসুমের শুরু থেকে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় তীব্র পানি সংকট দেখা দেয়। এতে কৃষকদের ক্ষেতে গভীর নলকূপ থেকে কয়েকদফা সেচ দিয়ে রোপণের কাজ শেষ করতে হয়েছে। তাতে করে খরচ ও অনেক বেশি হয়েছে বলে কৃষকরা জানান। এদিকে রোপণকৃত রোপা আমন ক্ষেতে সার ছিটানোর সময় উপজেলার রাজগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারের এক শ্রেণির অধিক মুনাফা লোভি ব্যবসায়ী বাজারে সারের তীব্র সংকট সৃষ্টি করে। যে কারণে অতিরিক্ত মূল্য দিয়ে কৃষকদের সার সংগ্রহ করে জমিতে ছিটাতে হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পোঁকা মাকড় দমন কর্মকর্তা তবিবুর রহমান জানান, বর্তমানে রোপা আমন ক্ষেতে পাতা মোড়ানো পোঁকা ও গাছ পঁচারোগ দেখা দিয়েছে। এক্ষেত্রে ক্ষেতে শক্তিশালী কীটনাশক ও ভিটামিন জাতীয় ওষুধ জমিতে প্রয়োগ করলে বেশ উপকার পাওয়া যাবে বলে জানান এ কর্মকর্তা।