ভোটার উপস্থিতির সাথে ফলাফলের কোনো মিল নেই দাবি যশোর-৪’র জাপা প্রার্থীর

0

স্টাফ রিপোর্টার ॥ ফলাফলের সাথে ভোটার উপস্থিতির কোনো মিল নেই বলে দাবি করেছেন যশোর-৪ সংসদীয় আসনের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জহুরুল হক জহির। তিনি বলেন, ভোটের দিন সংসদীয় আসনের অধিকাংশ কেন্দ্র ঘুরে যে চিত্র দেখেছি তাতে ২৫ শতাংশ ভোট কাস্টিং হওয়ার কথা না। অথচ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফলে ভোট গ্রহণের হার দেখানো হয়েছে ৪৬ দশমিক ২১ শতাংশ। ফলাফল ঘোষণার পর তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
রোববার ভোট গ্রহণ শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে ফলাফল প্রকাশ করা হয় তাতে দেখা যায়, যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে আওয়ামী লীগ মনোনীত এনামুল হক বাবুল নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮১ হাজার ২৯৫ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির অ্যাডভোকেট জহুরুল হক জহির লাঙ্গল প্রতীকে ১০ হাজার ৩৪৬ ভোট পেয়েছেন। নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী রণজিৎ কুমার রায় ঈগল প্রতীকে পেয়েছেন ৫৮৬ ভোট। আসনটিতে মোট ভোটার-৪৩৩৮৩৮জন। পুরুষ-২১৬৭৯৮, মহিলা-২১৭০৩৬, হিজড়া-৪। সর্বশেষ ফলাফলে এই আসনে ভোট গ্রহণের হার ৪৬ দশমিক ২১ শতাংশ।
জাতীয় পার্টির পরাজিত প্রার্থী অ্যাডভোকেট জহুরুল হক জহির বলেন, নির্বাচনের সর্বশেষ ফলাফলে যে রেজাল্ট দেখানো হয়েছে তাতে আমি বিস্মিত হয়েছি। ভোটের দিন সকাল থেকেই আমি মাঠে ছিলাম। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে গিয়ে হতাশাজনক ভোটার উপস্থিতি দেখেছি। মনে করেছিলাম বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। কিন্তু সেটি কোথাও দেখিনি। ভোট শুরু থেকে শেষ পর্যন্ত একই পরিস্থিতি ছিলো। আমার ধারণা ভোট পড়েছে ২০ থেকে ২৫ শতাংশ। অথচ সেখানে দেখানো হয়েছে ৪৬ দশমিক ২১ শতাংশ।
তিনি বলেন, নৌকার প্রার্থীকে এক লাখ ৮১ হাজার ২৯৫ ভোটে বিজয়ী দেখানো হয়েছে। আর আমাকে দেখানো হয়েছে ১০ হাজার ৩৪৬ ভোট। এটি একেবারেই পরিকল্পিত। কারণ সরকারের ওপর মানুষের তীব্র ক্ষোভের কারণে এমনিতে মানুষ বর্তমান সরকারকে প্রত্যাখান করেছে। সেখানে নৌকার প্রার্থী এতো ভোট পেতে পারেন না। আগে থেকে এ রেজাল্ট তৈরি করা ছিলো বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, আমার অসম্মানজনক ভোটপ্রাপ্তি দেখিয়ে নৌকার ভোট বেশি দেখানো হয়েছে। এ বিষয়ে ঢাকায় গিয়ে দলের চেয়ারম্যানের সাথে কথা বলে আইনী পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।