ভৈরব নদে ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার ভৈরব নদে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ যুবক আল মামুন মল্লিক (২০)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ২০ ঘন্টা পর সোমবার সকালে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা বাজার খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
আল মামুন মল্লিক সিদ্ধিপাশা গ্রামের মোজাফ্ফার মল্লিকের ছেলে। তিনি ফুলতলার আইয়ান জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নওয়াপাড়া নৌপুলিশের এসআই আসাদুজ্জামান জানান, বেলা ১১ টায় সোনাতলা বাজার খেয়াঘাট থেকে আল মামুন মল্লিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত রোববার দুপুরে সিদ্ধিপাশা ইউনিয়নের আফিল গেট খেয়াঘাটে তিন বন্ধু এক সাথে ভৈরব নদে গোসল করতে নামেন। এ সময় সিদ্ধিপাশা গ্রামের মিজানুর বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস ও একই গ্রামের ইয়াছিন মোড়লের ছেলে বোরহান মোড়ল সাঁতরে তীরে উঠলেও তাদের বন্ধু আল মামুন মল্লিক নদীতে ডুবে যান।