ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

0
সংসদ ভবনের এলডি হলে বিডিজেএ আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান।। ছবি: সংগৃহীত

দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই রূপ দিতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের একটি বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে এবং মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। তিনি বলেন, রাজনীতিতে মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে হলে ভালো মানুষদের নেতৃত্বে আনতে হবে। ভালো উপাদান থাকলেও দক্ষ কারিগর ছাড়া যেমন সুস্বাদু খাবার তৈরি সম্ভব নয়, ঠিক তেমনি যোগ্য নেতৃত্বের অভাব থাকলে কাঙ্ক্ষিত উন্নয়নের সুফল ধরে রাখা যায় না।

বরিশালের ঐতিহ্য তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক থেকে শুরু করে জাতীয় রাজনীতির বহু দিকপাল এ অঞ্চল থেকে উঠে এসেছেন। বরিশালকে স্বপ্নের বিভাগে পরিণত করতে হলে আবার নতুন করে পরিচ্ছন্ন ও মেধাবী রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে। তরুণরা যাতে কোনো ভয় বা দ্বিধা ছাড়া স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে আসতে পারে, সেই পরিবেশ তৈরির জন্য বর্তমানে রাজনীতিতে থাকা জ্যেষ্ঠদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সেমিনারে বক্তারা বরিশালের অবকাঠামোগত উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়নের পাশাপাশি সৎ ও দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ নিয়ে বিশদ আলোচনা করেন।