ভালবাসা দিবসে চৌগাছা পুলিশের ফুল উপহার

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ বিশ্ব ভালবাসা দিবসে যশোরের চৌগাছা থানা পুলিশ ব্যতিক্রমী এক আয়োজন করে। বুধবার সকাল থেকেই থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে থানার সব অফিসার ও পুলিশ সদস্য স্বাধীনতা ভাস্কর্যে উপস্থিত হয়ে সর্বসাধারণের মাঝে ফুল বিতরণ করেন। মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করতেই মূলত এই আয়োজন বলে জানা গেছে।
বিশ্ব ভালবাসা দিবসের দিন বুধবার সকাল থেকেই চৌগাছা থানা পুলিশ উপজেলার প্রাণকেন্দ্র স্বাধীনতা ভাস্কর্য মোড়ে উপস্থিত হয়ে পথচারী, বিভিন্ন যানবাহনের চালক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সকল শ্রেণি- পেশার মানুষের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দিয়ে দিবসটি উপলক্ষ্যে শুভেচ্ছা জানান। পুলিশের ব্যতিক্রমী কার্যক্রমে মানুষ সন্তোষ প্রকাশ করেন। ব্যবসায়ী মুক্তার হোসেন, পথচারী রফিকুল ইসলাম, ভিক্ষুক ফিরোজ হোসেন বলেন, পুলিশকে এমন কাজে নিয়োজিত হতে দেখিনি। আজ চৌগাছা থানা পুলিশের এমন একটি কাজ দেখে ভিষণ ভাল লাগছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, দিবসটি উপলক্ষ্যে নানাভাবে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। তিনি বলেন, একজন বাইকচালক হেলমেট ছাড়াই সড়কে এসেছেন। তাকে থামিয়ে এ বিষয়ে সচেতন করার পাশাপাশি তাকে ফুল দিয়েছি। সড়কে ট্রাক চালককে থামিয়েছি। তিনি হয়ত ৩/৪ দিন বা তারও বেশি সময়ে সড়কেই আছেন। আজ ফিরবে নিজ ঠিকানায়। ওই চালক যেন সড়কে আরও সচেতনভাবে চলাচল করেন সেই বার্তা পৌঁছে দিয়েছি এবং ফুল হাতে দিয়ে তাকে বলেছি আপনি ফুলটি বাড়িতে নিয়ে পরিবারের হাতে তুলে দেবেন। এ কার্যক্রম সকাল হতে চলে দুপুর পর্যন্ত চলে।
এ সময় থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন, সেকেন্ড অফিসার লোকমান হোসেন, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, ইমাম হোসেন সাগর, রেজাউল করিম সাগরসহ থানা পুলিশের অধিকাংশ অফিসার ও সদস্য উপস্থিত ছিলেন।