ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই

0
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইসিসির ভূমিকার সমালোচনা করছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে চূড়ান্তভাবে অটল রয়েছে বাংলাদেশ সরকার। এর ফলে আসন্ন দশম টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার বিষয়টি নিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই সিদ্ধান্তের কথা জানান।

আসিফ নজরুল বলেন, “বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যে নিরাপত্তা উদ্বেগের কারণে এই অবস্থান, সেটির কোনো পরিবর্তন হয়নি। সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগও নেই।” তিনি আরও যোগ করেন, আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের যৌক্তিক অনুরোধ না রেখে সুবিচার করেনি। তবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি ভবিষ্যতে বিষয়টি ইতিবাচকভাবে দেখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, গতকাল আইসিসির সভায় ভারতকে বিকল্প ভেন্যুর প্রস্তাব পুনর্বিবেচনার জন্য এক দিন সময় দেওয়া হয়েছিল। তবে সরকার ও বিসিবি যৌথভাবে ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকার কথা আজ চূড়ান্ত করেছে। বিসিবি সভাপতি বলেন, “আমরা এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চাই এবং এই দাবিতে আমাদের লড়াই চলবে।” ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছে তা বিস্তারিত না জানালেও, দেশের ক্রিকেটের মর্যাদা ও খেলোয়াড়দের সুরক্ষা সবার আগে বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়।