ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

0
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, মিশনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত ও উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম হাইকমিশনারকে তলব করে নয়াদিল্লি, কলকাতা ও মুম্বাইসহ ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থিত বাংলাদেশ মিশনে নিরাপত্তা বাড়ানোর জোর দাবি জানান।

সাম্প্রতিক সময়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং হাইকমিশনারকে হুমকির পরিপ্রেক্ষিতে এই জরুরি পদক্ষেপ নিয়েছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে অন্তত ছয়বার তাকে তলব করা হলো।
কূটনৈতিক সূত্র জানায়, দিল্লির পর আজ মুম্বাই ও দিল্লিতে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ার বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে। এছাড়া গত ১৪ ডিসেম্বরের তলবে শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারতে পালানো রোধ ও শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের বিষয়ে দিল্লির সহযোগিতা চাওয়া হয়েছিল।
পাল্টা জবাবে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকেও তলব করেছিল ভারত। এই পাল্টাপাল্টি তলব ও বিক্ষোভের ঘটনায় ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন ও সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।