বেনাপোলে ভারতে যাওয়ার সময় আটক ভোলার যুবলীগ সভাপতি

0

স্টাফ রিপোর্টার॥ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি মো.তাজ উদ্দীন (৫৩) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। তাজ উদ্দিন ভোলার বোরহান উদ্দিন উপজেলার আব্দুল গনির ছেলে।
তিনি ভোলার সদর থানার একটি বিস্ফোরক মামলার আসামি। গত ২ অক্টোবর তার বিরুদ্ধে মামলা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার ও বিজিবি আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজউদ্দীনের নিজ এলাকা ভোলায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে বিস্ফোরক মামলার একজন এজাহারভুক্ত আসামি। তখন তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ভোলার বোরহান উদ্দিন থানায় তাজ উদ্দিনকে আটকের কথা জানানো হয়েছে। সেখান থেকে পুলিশ আসার পর তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।