বিয়ের ১৯ দিনের মাথায় কলেজছাত্রীর আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার ॥ বিয়ের ১৯ দিনের মাথায় তাসমিন জাহান মিমি (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামে পিত্রালয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। তাসমিন জাহান চুড়ামনকাটি গ্রামের তরিকুল ইসলামের কন্যা এবং উপশহর মহলিা ডিগ্রি কলেজের এইচএসসি মানবিক ১ম বর্ষের ছাত্রী। মৃতার মামানি রেবেকা সুলতানা জানিয়েছেন, পহেলা রমজান ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের ফসিয়ার রহমানের পুত্র মো. শিশিরের সাথে তাসমিন জাহান মিমির বিয়ে হয়। শিশির একটি বিশেষ বাহিনীতে চাকরি করেন। বিয়ের পর ১৯ দিন পার হলেও শ্বশুরবাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়নি। এমনকি বিয়ের পরদিন জামাই কর্মস্থলে চলে যান। পরে কি হয়েছে কেউ বলতে পারে না। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১১টা হতে গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে তাসমিন জাহান মিমির মৃত্যু হয়। বাড়ির উঠানে আমগাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে পাওয়া যায়। সংবাদ পেয়ে কোতয়ালি থানার এসআই টিটু কাল সকালে তার লাশ উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠান। কাল তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহীনুর রহমান সোহাগ লাশের ময়না তদন্ত করে বলেন, এটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।