বিশ্বকাপ নিয়ে জয় শাহকে কঠিন পরীক্ষায় ফেলেছে বাংলাদেশ

0
জয় শাহর কঠিন পরীক্ষা; ভারত নয়, শ্রীলঙ্কায় খেলতে অনড় বাংলাদেশ ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ আগামী ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরের বিষয়ে নিজেদের কঠোর অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ। এরই মধ্যে বিসিবি তাদের দাবি জানিয়ে আইসিসিকে দ্বিতীয় দফা চিঠি পাঠিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি সুরাহা করতে আগামীকাল রোববার বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

বিসিবির দ্বিতীয় চিঠিতে স্পষ্ট করা হয়েছে, বিষয়টি এখন আর কেবল যাতায়াত বা সুযোগ-সুবিধার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর সঙ্গে ‘জাতীয় মর্যাদা’ জড়িয়ে গেছে। বিশেষ করে উগ্রপন্থীদের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বাংলাদেশ এখন সাধারণ নিরাপত্তার বদলে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের জন্য ‘ম্যান-টু-ম্যান’ সিকিউরিটি দাবি করছে।

এনডিটিভি দাবি করেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলতে যাওয়ার বিপক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছেন। রাজনৈতিক ও আবেগীয় এই প্রেক্ষাপটে জয় শাহর জন্য পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়েছে। আইসিসি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের কাঠামো ঠিক রেখে বাংলাদেশকে আসরে রাখা এখন বড় চ্যালেঞ্জ। কারণ, যোগ্য দল হিসেবে বাংলাদেশকে বাদ দেওয়ার সুযোগ নেই এবং ভেন্যু পরিবর্তন করলে এশীয় ক্রিকেট কাউন্সিলেও অস্থিরতা তৈরি হতে পারে। জয় শাহকে এখন কেবল ভারতীয় ক্রিকেটের দাপুটে কর্তা নয়, বরং একজন নিরপেক্ষ প্রশাসক হিসেবে আস্থার পরিবেশ ফেরানোর পরীক্ষা দিতে হবে।