বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে ফুলতলায় মানববন্ধন আজ

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা ॥ বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতার কারণে অর্ধলক্ষাধিক মৎস্য ঘের, সবজির আবাদ ও ধান ক্ষেত তলিয়ে গেছে। ফলে এ অঞ্চলের মৎস্য চাষি ও কৃষকরা সর্বস্বান্ত হয়ে অনাহারে ও অর্ধাহারে দিন কাটাচ্ছে। অপরদিকে ব্যাংক, এনজিও, বিভিন্ন সমিতি ও দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নেওয়া কৃষকদের ওপর কিস্তির জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বিল ডাকাতিয়া রক্ষা কমিটির পক্ষ থেকে আজ রোববার বেলা ১১টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে ফুলতলা আসাদ রফি গ্রন্থাগার চত্বরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব আব্দুল আলিম মোল্যার পরিচালনায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক শেখ আবুল বাশার। লিখিত বক্তব্যে তিনি বিল ডাকাতিয়াকে বন্যাদুর্গত এলাকা হিসেবে ঘোষণা, বিলের পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান সমূহকে কৃষি ঋণের সুদ মওকুফ ও ৬ মাসের জন্য কিস্তি আদায় স্থগিত, কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ ও দ্রুত ক্ষতি পূরণের ব্যবস্থা এবং আফিলগেট এলাকায় ভৈরব নদের সাথে বিল ডাকাতিয়ার সংযোগ খাল খনন করে বিলের পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থার দাবি জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিল ডাকাতিয়া রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক মনির হাসান টিটো, শেখ ওবায়দুল্লাহ, মাও. সাইফুল হাসান খান, যুগ্ম সদস্য সচিব নুরুল ইসলাম গাজী ও এনামুল হোসেন পারভেজ, সমন্বয়ক মহিউদ্দিন শেখ প্রমুখ।