বিভাগীয় শহরগুলোতে অকটেন-পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ বাড়াল বিপিসি

0
বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলো এখন থেকে আগের চেয়ে বেশি তেল পাবে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের চলমান জ্বালানি পরিস্থিতি ও জনগণের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার (১১ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলোতে আগের তুলনায় ১০ শতাংশ জ্বালানি তেল বেশি সরবরাহ করা হবে।

বিপিসি সূত্রে জানা গেছে, এর আগে বৈশ্বিক অস্থিরতা ও মজুদ বিবেচনায় অকটেন-পেট্রোলের গড় বিক্রি থেকে ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি পর্যালোচনা করে সেই হ্রাসের হার ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর ফলে পূর্বের তুলনায় সরবরাহ ১০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে ফিলিং স্টেশন প্রতি নির্ধারিত নতুন বরাদ্দ চার্ট অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করা হবে।

বিপিসি আরও জানিয়েছে, হ্রাসকৃত বরাদ্দের এই বর্ধিত সরবরাহ ব্যবস্থা যাতে দ্রুত ও কার্যকরভাবে নিশ্চিত হয়, সেজন্য তাদের অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা ও ডিলার বা এজেন্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে বিভাগীয় শহরগুলোর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি ও জ্বালানি প্রাপ্তির সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।