বিজিবি’র অভিযানে দেড় কেজি ক্রিস্টাল আইসসহ বিভিন্ন মাদক উদ্ধার, আটক ১

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিজিবি’র আলাদা অভিযানে দেড় কেজি ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ সময় বিল্লাল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক বিল্লাল হোসেন চৌগাছা উপজেলার গয়ড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিজিবি’র একাধিক টিম বেনাপোল সীমান্ত এলাকা, আমড়াখালী চেকপোস্টে ও যশোর-বেনাপোল সড়কের নিমতলীতে মাদক ও চোরাচালানী বিরোধী আলাদা অভিযান চালায়।

অভিযানকালে নিমতলীতে একটি বাসে তল্লাশি চালিয়ে মালিক বিহীন অবস্থায় দেড় কেজি ক্রিস্টাল আইস ও ১শ মিলিলিটারের ২ বোতল এলএসডি উদ্ধার করা হয়।

এছাড়া অন্য অভিযানে ১টি মোটরসাইকেল, ১শ বোতল উইন সেরেক্স কফ সিরাফ, ১৬৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে আটক এবং ১২৫টি শাড়ি, ৩টি কম্বল, ১ কেজি আমসত্ব, ৯৬০টি ওষুধ, ৫ হাজার ১২৫টি চকলেট ও ২ হাজার ২৬২টি কসমেটিক মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। এসব মাদক ও পণ্যের মূল্য পৌনে ১০ কোটি টাকা।

এ ব্যাপারে ৪৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ও চোরচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় শনিবার অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে।