বিচার শুরুর ৯ কার্যদিবসে রায় : স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামে স্ত্রী মরিয়ম বেগম (২৫) কে হত্যার পর পুড়িয়ে লাশ গুমের মামলায় ঘাতক স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বিচার শুরুর মাত্র ৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করেছেন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জজ মো. মশিউর রহমান চৌধুরী। গতকাল রবিবার বেলা ১১টার দিকে চাঞ্চল্যকর এ মামলার আসামি রফিক শেখের বিরুদ্ধে রায় ঘোষণা হয়। আসামিকে দন্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। আসামি মো. রফিক শেখ (৩৬) রূপসা উপজেলার নেহালপুর গ্রামের মৃত জাবেদ শেখের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিররণে জানা গেছে, ২০২০ সালের ১২ আগস্ট গৃহবধূ মরিয়ম বেগম নিখোঁজ হন। ১৫ আগস্ট রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের জনৈক দিপক দাসের পান বরজের গর্ত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মাথায় আঘাত করে হত্যার পর লাশের পরিচয় গোপন করতে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে ওই স্থানে ফেলে দেয়া হয়। মরিয়ম বেগম ফকিরহাট উপজেলার মৃত আবু বকর শেখের কন্যা। এ ঘটনায় ১৬ আগস্ট নিহতের মা জালিমা বেগম রূপসা থানায় মামলা দায়ের করেন। আসামি রফিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহাবুদ্দিন গাজী ৩১ ডিসেম্বর রফিক শেখকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আসামি দোষী সাব্যস্ত হন।