বিএফইউজের সেমিনারে বক্তারা:‘ফ্যাসিবাদ রাষ্ট্র ব্যবস্থা’ দেশের প্রধান রাজনৈতিক সংকট

0

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত এক সেমিনারে বক্তারা ‘ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে’ দেশের প্রধান রাজনৈতিক সংকট হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ফ্যসিবাদী শাসনের কারণেই দেশে মানবাধিকার নেই। বাক স্বাধীনতা নেই। গুম, খুন, দমন-পীড়ন বেড়েছে। সর্বত্র দলীয়করণের অপচেষ্টা চলছে। সাংবিধানিকভাবেই দেশে বর্তমানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে।এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বিএফইউজের চার যুগপূর্তি উপলক্ষে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজচিন্তক ফরহাদ মজহার। এতে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ। প্রধান আলোচক ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ড. আনোয়ারুল্লাহ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএফইউজে মহাসচিব নূরুল আমিন রোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শওকত মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, দ্য ডেইলি নিউনেশনের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ। বিজ্ঞপ্তি।