বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে : তারেক রহমান

0
বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের ভার্চুয়াল উদ্বোধন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতেও বাংলাদেশ যখনই ধ্বংসের কিনারে দাঁড়িয়েছে, বিএনপি বুক পেতে দিয়ে দেশকে রক্ষা করেছে; ইনশাআল্লাহ এবারও করবে। তবে আগামীতে এক কঠিন সময় আসছে উল্লেখ করে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি সম্প্রতি প্রয়াত ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তারেক রহমান বলেন, “ওসমান হাদি ছিলেন গণতন্ত্রের অকুতোভয় সৈনিক। তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।” জুলাই আন্দোলনের শহীদদের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, দেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত। তবে এই স্বাধীনতাকে সাধারণ মানুষের জন্য অর্থবহ করতে হলে বর্তমান ধ্বংসস্তূপ থেকে নতুন করে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে নেতা-কর্মীদের সজাগ থাকার পরামর্শও দেন বিএনপির এই শীর্ষ নেতা।