বাস-ইজিবাইক চলাচল নিয়ে দ্বন্দ্ব, ঝিনাইদহে সড়ক অবরোধ-ভাঙচুর

0
ঝিনাইদহে বাস ও ইজিবাইক চলাচলকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বাস থামিয়ে অবরোধ তৈরি করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।। ছবি: লোকসমাজ

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে সড়কে বাস ও ইজিবাইক চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সড়ক অবরোধ ও ইজিবাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আঠারো মাইল এলাকায় ইজিবাইক চালক ও বাস চালকের মধ্যে সড়কে চলাচল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর বাস রেখে অবরোধ করেন বাস শ্রমিকরা। এ সময় কয়েকটি ইজিবাইক ভাঙচুর করা হয়।

ইজিবাইক চালক রাসেল অভিযোগ করে বলেন, আমরা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু বাস মালিক সমিতি আমাদের চলতে দিচ্ছে না। এর আগেও সড়কে ইজিবাইক চালানোর জন্য বাস মালিকদের টাকা দিতে হয়েছে। তারপরও আমাদের সড়কে চলাচলে বাধা দেওয়া হচ্ছে।

তবে জেলা বাস মালিক সমিতির সড়ক সম্পাদক ওহিদুল আলম থোকন বলেন, ইতোপূর্বে সড়কে বাস ও ইজিবাইক চলাচল নিয়ে ইজিবাইক সমিতি ও বাস মালিক সমিতির মধ্যে সমঝোতা হয়েছিল। সে অনুযায়ী আঠারো মাইল পর্যন্ত ইজিবাইক চলাচলের বিষয়ে সম্মতি ছিল। সেই ধারাবাহিকতায় আজ সদর উপজেলার আঠারো মাইল এলাকায় বিষয়টি দেখতে গেলে হঠাৎ ইজিবাইক চালকরা অতর্কিত হামলা চালান। পরে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন।

ইজিবাইক ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, উত্তেজিত শ্রমিকরা কয়েকটি ইজিবাইক ভাঙচুর করেছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সড়কে বাস ও ইজিবাইক চলাচল নিয়ে দ্বন্দ্বের জেরে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এদিকে সড়ক অবরোধের কারণে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।