বাঘারপাড়ায় ৮দলীয় ফুটবলে বাকড়ি থ্রি স্টার চ্যাম্পিয়ন

0
ছবি: সংগৃহীত।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাকড়ি থ্রি স্টার ক্লাব ১-০ গোলে যশোরের জামান ট্রেডার্স একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার এগারোখান-বাকড়ি গোচর ফুটবল মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উদ্বোধন করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল। এরআগে গত ১ জুলাই প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টর উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রজিদুর রহমান সাগর, যুগ্মআহ্বায়ক আলী হায়দার রানা ও শামীম আকতার, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, বিএনপি নেতা ও উপজেলা ক্রীড়া পরিষদের নির্বাহী সদস্য মাসুদ আলম টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ঈসা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেক, বাকড়ি গোচর মাঠের সাবেক খেলোয়াড় প্রহ্লাদ ভৌমিক,বিধান রায়, সুভাষ ঘোষাল, নিরঞ্জন সরকার, সুধাংশু সরকার, কৃষ্ণ পদ ধর, মৃনাল রায়, পিন্টু বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় যশোরের জামান ট্রেডার্স একাদশ বনাম বাকড়ি থ্রি স্টার ক্লাব একাদশ। খেলার প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন থ্রি স্টার ক্লাবের আশরাফুল। যদিও পরে তিনি লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যান। এরপর জামান ট্রেডার্স চেষ্টা করেও ১০জনের দলকে পরাস্ত করতে পারেনি। ম্যাচ সেরা বিজয়ী দলের রনি ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় রনি। সেরা গোলরক্ষক নির্বাচিত হন বাবু।

এরআগে নড়াইলের খড়রিয়া ফুটবল একাদশ ও যশোরের কেশবপুর ফুটবল একাদশকে হারিয়ে মেসার্স জামান ট্রেডার্স এবং খুলনার এসবি আলী ফুটবল একাদশ ও ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ মাগুরাকে হারিয়ে ফাইনালে ওঠে বাকড়ি থ্রি স্টার ক্লাব ফুটবল একাদশ।