বাঘারপাড়ায় মারপিটের অভিযোগে দিলু পাটোয়ারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর বাঘারপাড়া উপজেলার বেতালপাড়ায় কলেজের একজন প্রভাষকের স্বামীকে মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ফাতেমা আজিজ অন্তরা নামে ওই প্রভাষক গত শনিবার মামলাটি দায়ের করেছেন। মামলায় জহুরপুর ইউনিয়নের চেয়ারম্যান দিলু পাটোয়ারীসহ ৭ জনকে আসামি করা হয়েছে।
মামলার অপর আসামিরা হচ্ছেন, ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারীর ভাই নুর মোহাম্মদ পাটোয়ারী, হুলিহট্ট গ্রামের মৃত সোবহান মন্ডলের ছেলে জিয়াউর রহমান, নওয়াব মন্ডলের ছেলে মঞ্জুর, তাহের মিয়ার ছেলে রশিদ ও জসিম এবং হিঙ্গারপাড়ার গ্রামের মৃত ওমর বিশ্বাসের ছেলে ইন্দা।
জহুরপুর খবির-উর রহমান কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ফাতেমা আজিজ অন্তরার অভিযোগ, তিনি পরিবার পরিজন নিয়ে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করেন। গত ১ জানুয়ারি তিনি প্রতিদিনের মতো কলেজে যান। দুপুর ২ টার দিকের তার স্বামী আজিজুর রহমান তাকে কলেজ থেকে আনতে গিয়েছিলেন। কলেজের গেটে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা তাকে গালিগালাজ করতে থাকেন। আজিজুর রহমান প্রতিবাদ এর করলে আসামিরা তাকে ধরে বেদম মারপিট করেন। তার মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ খবর পেয়ে তিনি কলেজ থেকে বেরিয়ে স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।