বাঘারপাড়ায় বাক্সবন্দী গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী সন্দেহের তালিকায়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোষনগর গ্রামে একটি রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সুচিত্রা দেবনাথ (৫৮) নামের এক গৃহবধূর মরদেহ তাঁর নিজ বাড়ির একটি স্টিলের বাক্সের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে তাঁকে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জেরে স্বামী জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন স্থানীয়রা।

জানা গেছে, বুধবার সকাল পৌনে ৬টা পর্যন্ত প্রতিবেশীরা সুচিত্রা দেবনাথকে জীবিত অবস্থায় দেখেছিলেন। এরপর সকাল সাড়ে ৬টার দিকে তাঁর স্বামী তপন দেবনাথ যশোর শহরে চলে যান। দুপুর ১২টার দিকে তিনি বাড়ি ফিরে স্ত্রীকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের ভেতরে রাখা একটি স্টিলের কাপড়ের বাক্স খুলে স্ত্রীর মরদেহ দেখতে পান। মরদেহটি কাপড় ও লেপ দিয়ে ঢাকা ছিল এবং বাক্সের ঢাকনা আটকানো অবস্থায় ছিল।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কে বা কারা ধারালো কিছু দিয়ে সুচিত্রার মাথা ও মুখে আঘাত করে তাঁকে হত্যা করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সুচিত্রার সঙ্গে তাঁর স্বামীর পারিবারিক কলহ ছিল এবং প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। এই কারণে এলাকাবাসী স্বামী কৌশলে তাঁকে হত্যা করেছেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।