বাগেরহাটে মাছে রঙ মিশিয়ে বিক্রি

0

 

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে সামুদ্রিক মাছে মানব দেহের জন্য ক্ষতিকর রঙ মেশানোর অপরাধে দুই ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৭ আগস্ট) সকালে শহরের কেবি বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় বাগেরহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং বাগেরহাট জেলা পুলিশের একটি দল। দ-াদেশ প্রাপ্তরা হলেন- বাগেরহাটের মৎস্য ব্যবসায়ী মো. আবুল কালামক ও এমাদুল সরদার।
এ বিষয়ে বাগেরহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী
পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ক্ষতিকর রাসায়নিক রঙ মিশিয়ে মাছ রঙিন
করে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে কেবি বাজারে অভিযান চালানো হয়। এ সময়
দুই ব্যবসায়ী সামুদ্রিক মৎস্য আড়ত কেবি থেকে মাছ ক্রয় করে রাস্তার পাশে বসে
সাদা রঙের জাভা, ভোলা ও তুলার ডাটি মাছে ক্ষতিকর রাসায়নিক রঙ মেশাতে
দেখা যায়। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এ অপরাধে ভোক্তা অধিকার আইনে
দুই ব্যবসায়ীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।