বাগআঁচড়ায় দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি বেসরকারি হাসপাতালে দুই মাথা বিশিষ্ট এক ছেলে শিশুর জন্ম হয়েছে।
অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটির মা সুস্থ আছেন। তবে জন্মের পর শিশুটি অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্যে যশোর জেনারেল হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
রোববার রাত সাড়ে ১১ টার দিকে বাগআঁচড়া নার্সিং হোমে ডাক্তার এবিএম আক্তার মারুফের তত্ত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম হয়। শিশুটির পিতা নূরুন নবী উপজেলার কায়বা গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর নাম রতœা খাতুন।
নুরুননবী জানান, তারা জানতেন তার স্ত্রীর জমজ সন্তান হবে। সোমবার রাত ৮ টার দিকে তার স্ত্রীর প্রসববেদনা উঠলে বাগআঁচড়া নার্সিং হোমে নিয়ে ভর্তি করা হলে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক ছেলে শিশুর জন্ম হয়। দুটি মাথা বাদে শিশুটির দুটি হাত, দুটি পাসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিলো। জন্মের পর রাতেই শিশুটিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছিলো। সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্যে শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ওখানে ভর্তির ২ ঘন্টা পর শিশুটি মারা যায়।
বাগআঁচড়া নার্সিং হোমের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বেলায়েত হোসেন জানান, কনজয়েনড টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রুণ অনেক সময় আলাদা না হওয়ার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এই বাচ্চাগুলোর পেটের মধ্যেও অনেক সময় মৃত্যু হতে পারে। জন্মের পরও মৃত্যু হতে পারে।