বাকড়ীতে সাংগঠনিক সম্মেলনে ওয়ার্কার্সপার্টি মার্কসবাদী নেতৃবৃন্দ ব্যর্থ গণবিরোধী বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ কোনো নির্বাচন সম্ভব নয়, তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবি

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়ার বাকড়ী হাইস্কুল মাঠে শুরু হয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) দুই দিনব্যাপী সাংগঠনিক সম্মেলন। বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এ বার্ষিক সম্মেলন। সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বর্তমান সরকারকে ফ্যাসিবাদী, ব্যর্থ ও গণবিরোধী আখ্যা দিয়ে নানা সমালোচনা করেন। এসময় নেতৃবৃন্দ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।
সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড তুষার কান্তি দাস ও দলীয় পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ।
সম্মেলন শুরুর পর ৩টা ১৫ মিনিটে কমরেড অমল সেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ। এবং সমাধি পাদদেশে জাতীয় সঙ্গীত, আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশন, ১ মিনিট নিরবতা ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, দেশের জনগণ ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিনাতিপাত করছে। চাল-ডাল-তেল-নুন, গ্যাস, জ্বালানিসহ দ্রব্যমূল্য বৃদ্ধি কষাঘাতে মানুষ জর্জরিত। দুর্নীতিবাজ সিন্ডিকেট ও সরকার এখন একাকার। তিনি এ পরিস্থিতিতে ভয়াবহ খাদ্য সংকট মোকাবিলায় রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল ও গম আমদানি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ব্যর্থ গণবিরোধী এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সেকারণে সরকারের পদত্যাগ ও তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনের সংস্কার ও নির্বাচনে অংশগ্রহণকারী দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন করতে হবে। ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ও রাষ্ট্র সমাজব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে কমিউনিস্ট বামগণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ এক পার্টিতে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা কর্মসূচি চূড়ান্ত করবে বলে উদ্বোধনী ভাষণে উল্লেখ করা হয়।
দুদিনের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু বিকেল পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানান।