বন্ধ বা স্থগিত হতে পারে বিপিএল, বিতর্কের বোঝা বইতে নারাজ বিসিবি

0
দুর্বল ফ্র্যাঞ্চাইজি ও আর্থিক ক্ষতির আশঙ্কা, বিতর্ক দূর না হওয়া পর্যন্ত বিপিএল না করার ইঙ্গিত।। ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই যেন নানা সমস্যা, বিতর্ক আর সমালোচনা। ২০১২ সালে অভিষেকের পর প্রথম দুই-এক আসর বাদ দিলে প্রতিবছরই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটি দেশের ক্রিকেটের জন্য দুর্নাম বয়ে নিয়ে এসেছে।
বর্তমান ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটি তাই নতুন করে আর এই দুর্নাম কুড়াতে চাইছে না। বিদ্যমান অনিয়ম ও বিতর্ক দূর না হওয়া পর্যন্ত বিপিএল আয়োজন থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে বিসিবি।

বিসিবির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সমস্যার জালে ঘেরা বিপিএল আর না চালানোর পক্ষে অবস্থান নিয়েছেন অধিকাংশ পরিচালক।

দুর্বল ফ্র্যাঞ্চাইজি নিয়ে টুর্নামেন্ট আয়োজন করে দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করা এবং বিসিবির ওপর আর্থিক দায়ভার বাড়ানোর পক্ষপাতি নন তাঁরা। আগামী ডিসেম্বরে বিপিএলের নতুন আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সব সমস্যা পুরোপুরি সমাধান না করা পর্যন্ত এই আসর নাও হতে পারে।

প্রতি আসরেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ, দেশি-বিদেশি ক্রিকেটারদের বকেয়া পাওনা পরিশোধে গড়িমসি, মানসম্মত প্রতিষ্ঠানের অভাব এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর অপেশাদার আচরণের কারণে বিশ্ব ক্রিকেটে বিপিএল নেতিবাচকভাবে চিহ্নিত হয়েছে।

২০২৪ সালের বিপিএলে ওঠা ফিক্সিংয়ের অভিযোগ তদন্তে গঠিত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের কমিটির পক্ষ থেকেও পরবর্তী আসরের আগে সব সমস্যা সমাধানের সুপারিশ করা হয়েছিল, যদিও তা আলোর মুখ দেখেনি।

বিদ্যমান পরিস্থিতিতে বিসিবি মূলত দুটি বিকল্প নিয়ে ভাবছে।

প্রথমত, আসন্ন আসরটি স্থগিত রেখে টুর্নামেন্টকে সম্পূর্ণ বিতর্কমুক্ত করে এবং ভালো ফ্র্যাঞ্চাইজি যুক্ত করে আগামী বছর নতুনভাবে শুরু করা। ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পোষাতে ওই সময়ে এনসিএল টি-টুয়েন্টি বা অন্য কোনো ঘরোয়া টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয়ত, ‘বিপিএল’ নামের নেতিবাচক ভাবমূর্তি এড়াতে এই নাম স্থায়ীভাবে বাদ দিয়ে সম্পূর্ণ নতুন নামে ও মোড়কে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করা।
আজ বিসিবির টুর্নামেন্ট কমিটির সমন্বয় সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক অসন্তোষ প্রকাশ করে জানান, ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের অতিরিক্ত দামে ডেকে পেমেন্ট না দিয়ে দায় বিসিবির ওপর চাপিয়ে দেয়। এমনকি টিভি সম্প্রচার স্বত্বের বড় অংশই চলে যায় উৎপাদন খরচে, যা বোর্ডের জন্য কোনো লাভ বয়ে আনে না।

তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা এখনো আশাবাদী। তিনি জানান, ভালো ফ্র্যাঞ্চাইজি নিয়ে মানসম্মত টুর্নামেন্ট আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। তা সম্ভব না হলে এক মৌসুমের বিরতি নেওয়া হতে পারে। তবে কয়েকটি ভালো প্রতিষ্ঠান ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে উল্লেখ করে তিনি এখনই বিপিএলের নাম পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।