ফেনীর ফুলগাজীতে দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ; ঘাতক বাবা আটক

0
ফেনীর ফুলগাজীতে দুই মাসের শিশু সন্তান জুনায়েদকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা মোহাম্মদ সুলতানকে আটক করেছে পুলিশ।। ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে দুই মাস বয়সী শিশু মোহাম্মদ জুনায়েদকে আছাড় মেরে হত্যার অভিযোগে তার বাবা মোহাম্মদ সুলতানকে (৩০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ফুলগাজী বাজারসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

সুলতান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা। কাজের সুবাদে স্ত্রী রুনা আক্তারকে নিয়ে ফুলগাজীতে বসবাস করছেন। দুই মাস আগে জুনায়েদের জন্ম হয়, যে তাদের একমাত্র সন্তান।

মায়ের অভিযোগ ও বাবার দাবি

শিশুটির মা রুনা আক্তার অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার কারণে সংসারের খরচ বহন করতেন না। প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এর আগেও কান্না করলে শিশুটির ওপর সুলতান ক্ষুব্ধ হতেন।

রুনা জানান, বৃহস্পতিবার রাতে কাজ থেকে ফিরে সুলতান তাকে দোকানে পাঠান। ফিরে এসে তিনি ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পান। তিনি বলেন, “ঘরে ফিরে দেখি আমার ছেলে কোনো সাড়া দিচ্ছে না। হাসপাতালে নিতে চাইলে সুলতান বাধা দেন। পরে অনেক চেষ্টার পর রাতে ছেলেকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে।”

তবে আটকের পর সুলতান পুলিশকে জানান, শিশুটিকে কোলে নিয়ে খেলার সময় হাত থেকে নিচে পড়ে যায়।

হাসপাতালে আনার আগেই মৃত্যু

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুলতানকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলা করার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।