ফুচকা খেয়ে দুই শতাধিক অসুস্থ, বিক্রেতা আটক

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে ঈদমেলায় ফুচকা খেয়ে দুই শতাধিক অসুস্থের ঘটনায় ফুচকা বিক্রেতা মনির হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অভয়নগর থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক মনির হোসেন মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আবদুল লতিফ মিন্টুর ছেলে। অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, ঈদের দিন ভৈরব ব্রিজের পূর্ব পাড়ে মনির হোসেন নামের এক ব্যক্তি চটপটি ও ফুচকা বিক্রির অস্থায়ী একটি দোকান দেন। ভৈরব ব্রিজের পূর্ব পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খায়। পরে গভীর রাত থেকে তারা পেটের ব্যথা, পাতলা পায়খানা ও বমিজনিত অসুস্থতা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে শুরু করে। পরের দিন রাত পর্যন্ত দুই শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লে-ক্সে ভর্তি হন। বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকার অনলাইন ভার্সন ও সোস্যালমিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হওয়ায় ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে থানা পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকা থেকে ফুচকা বিক্রেতা মনিরকে আটক করা হয়।
আটকের পর মাওলানা তানজিম হোসাইন নামের এক ভুক্তভোগী তার বিরুদ্ধে থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়।