ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

0

লোকসমাজ ডেস্ক ॥ ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে ফুঁসে উঠেছে যশোরের ছাত্র-জনতা। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। আজ সকাল ১১টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে এ আহবান জানান।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘ইসরাইল নিপাথ যাক’-এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো শহর।

এদিকে সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ। সেখানে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা আরো বলেন, মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আলআকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।

পরে দড়াটানা ভৈরব চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগাহ মোড়ে গিয়ে দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।