ফাইনাল হেরে স্পেনের দুই ফুটবলারকে মারলেন পারদেস, কী হয়েছিল সেখানে

0
ফাইনাল ম্যাচে স্পেনের কাছে পরাজয়ের পর মেজাজ হারিয়ে স্প্যানিশ দুই ফুটবলারকে মাঠে মারধর করেছেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারদেস।। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্পেনের কাছে হেরে গিয়ে চরম অনাকাঙ্ক্ষিত ও নেতিবাচক ঘটনায় জড়িয়ে পড়েছেন আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস।

ম্যাচ শেষে মাঠের ভেতরেই স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভিকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, যা নিয়ে বিশ্ব ফুটবল মহলে তীব্র সমালোচনার ঝড় বইছে।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর যখন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের খেলোয়াড়েরা শিরোপা জয়ের উল্লাসে মেতে ছিলেন, ঠিক তখনই স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন লিয়ান্দ্রো পারেদেস। একপর্যায়ে তিনি গার্সিয়াকে সরাসরি ঘুষি মারলে মাঠের পরিস্থিতি মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে।

গাভিকে মারছেন পারদেস ।। ছবি: সংগৃহীত

এই অবস্থায় সতীর্থকে বাঁচাতে স্পেনের খেলোয়াড়েরা দ্রুত এগিয়ে আসেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন স্প্যানিশ তারকা গাভি। তবে এতে উত্তেজনা আরও বাড়ে। আর্জেন্টিনার থিয়াগো আলমাদা এসে গাভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং পারেদেস সরাসরি গাভির মুখে আঘাত করেন। আঘাতের চোট সামলাতে না পেরে গাভি মাঠে পড়ে যান এবং কোনোমতে নিজেকে রক্ষা করেন।

এভাবে মাটিতে পড়ে যান গাভি ।। ছবি: সংগৃহীত

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি নিজেই ঘটনাস্থলে দৌড়ে যান। তিনি পারেদেসকে টেনে সরিয়ে নেন এবং পরিস্থিতি শান্ত করেন। সে সময় একজন সহকারী রেফারি নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকলেও, কিছুক্ষণ পর প্রধান রেফারি এই অনাকাঙ্ক্ষিত ও উগ্র আচরণের জন্য লিয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখান।

ঠিক কী কারণে পারেদেস ওভাবে তেড়ে গিয়েছিলেন, তা আর্জেন্টিনার কারও কাছ থেকে জানা যায়নি; কারণ ম্যাচের পর কোচ স্কালোনি ছাড়া দলের অন্য কোনো সদস্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ফুটবল তারকারা। আইটিভিতে সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল বিষয়টিকে অত্যন্ত লজ্জাজনক ও হতাশাজনক বলে আখ্যা দেন।

একই সাথে বিবিসিতে অ্যালান শিয়ারার বলেন, হার মেনে নেওয়ার একটা নির্দিষ্ট শালীনতা থাকে, পারদেস একজনের মুখে কয়েকবার আঘাত করেছেন যা ফুটবলে অগ্রহণযোগ্য।

অন্যদিকে সাবেক গোলরক্ষক জো হার্ট ‘দ্য মিরর’কে বলেন, এটি অত্যন্ত বিরক্তিকর আচরণ। তবে এই চরম বিশৃঙ্খলার মাঝেও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি মাঠে অনন্য ভদ্রতা দেখিয়েছেন, তিনি ম্যাচ শেষে স্পেনের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করেছেন।