ফাইনালে পুরস্কার মঞ্চে ট্রাম্পের সাথে হাত মেলালেন না আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো

0
ফাইনাল শেষে পদক নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে যাচ্ছেন আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো।। ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে গেছেন আর্জেন্টিনা দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।
মঞ্চে পদক গ্রহণের সময় তিনি ট্রাম্পকে কোনো প্রকার অভিবাদন না জানিয়ে চলে যান। তবে আর্জেন্টিনা ও স্পেনের অন্য ফুটবলাররা মার্কিন প্রেসিডেন্টকে স্বাভাবিকভাবেই অভিবাদন জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুরস্কার মঞ্চে উঠে ক্রিস্টিয়ান রোমেরো প্রথমে লাইনে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে হাত মেলান। তবে এর ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে সম্পূর্ণ এড়িয়ে সামনের দিকে এগিয়ে যান তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রাম্প শুধু খেলোয়াড়দের পদকই তুলে দেননি, বরং অনেকের সাথে হাত মিলিয়ে ও কথা বলে শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে ইনফান্তিনোকে সাথে নিয়ে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ট্রাম্প।
ট্রফি হস্তান্তরের পর যখন স্পেনের উদ্‌যাপন শুরু হয়, তখনো মার্কিন প্রেসিডেন্ট মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে থাকায় চ্যাম্পিয়ন দলের ঐতিহাসিক ছবিতে তিনি ফ্রেমবন্দী হয়ে যান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রাম্পের এই যৌথভাবে ট্রফি দেওয়ার বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল। গত ২৩ জুন ফিফা সভাপতি জানান যে তাঁরা দুজন মিলে ট্রফি তুলে দেবেন, যা ফিফার আগের আসরগুলোর একক নিয়মের বাইরে ছিল।

ডোনাল্ড ট্রাম্পের এই পুরস্কার তুলে দেওয়া সাধারণ ফুটবলপ্রেমীদের অনেকেই পছন্দ করেননি। ফলে তিনি মাঠে প্রবেশ করতেই গ্যালারি থেকে তীব্র দুয়োধ্বনি আসতে শুরু করে।

চলতি বিশ্বকাপে এটিই ছিল ট্রাম্পের প্রথম মাঠে উপস্থিতি। তবে মাঠে আসার আগেই নিজের কর্মকাণ্ড দিয়ে বেশ আলোচিত ও সমালোচিত ছিলেন তিনি।

শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে সরাসরি ফিফাকে ফোন করেছিলেন ট্রাম্প। পরবর্তীতে ফিফা সেই শাস্তি স্থগিত করলে ট্রাম্পের এই অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ নিয়ে ফুটবল বিশ্বে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।