ফরিদপুরে সাংবাদিক পেটানোয় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি বিএফইউজের

0

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈমকে পিটিয়ে জখম করার সংবাদে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। নেতৃবৃন্দ অবিলম্বে এ ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মঙ্গলবার বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নূরুল আমিন রোকন এক যুক্ত বিবৃতিতে বলেন, সোমবার (১ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গার স্থানীয় পরিবহন বাসস্ট্যান্ডে পৌর মেয়রের ভাই ও তার অনুসারীরা তুচ্ছ ঘটনায় সাংবাদিক মুজাহিদকে প্রকাশ্যে যেভাবে পিটিয়েছে তা কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না। দেশে আইনের শাসন কোন পর্যায়ে ঠেকেছে, এ ঘটনা তার উৎকৃষ্ট নজির।
আহত মুজাহিদুল ইসলাম নাঈম ঢাকা টাইমস পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সাংগাঠনিক সম্পাদক। সাংবাদিক মুজাহিদ জানান, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফারের ভাই জাপান ও তার পাঁচজন-ছয়জন সহযোগী হঠাৎ করে তার ওপর হামলা চালায়। তারা লোহার রড, স্টাম্প, দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পেটানো হয়। স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হলেও মূল হোতা আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফারের ভাই জাপান এখনো ধরা ছোঁয়ার বাইরে আছেন।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ অনতিবিলম্বে মুজাহিদকে মারধরে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন। বিজ্ঞপ্তি।