ফকিরহাটে ৪৩১ বস্তা সরকারি সিলযুক্ত ধানসহ ব্যবসায়ী আটক

0
ছবি: সংগৃহীত।

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ॥ ফকিরহাটে সরকারি সিলযুক্ত ৪৩১ বস্তাভর্তি ধান ট্রাকে পরিবহনের সময় সাধন ঘোষ (৩৮) নামে এক ধান ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার সকালে ফকিরহাট থানায় একটি মামলা হয়েছে।

গ্রেফতার সাধন ঘোষ খুলনার বটিয়াঘাটার ভাদগাতী এলাকার মৃত পরিতোষ ঘোষের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালেরহাট এলাকা থেকে ট্রাকসহ বস্তাভর্তি ধান জব্দ করা হয়। ট্রাকে থাকা ৪৩১ বস্তায় সরকারি সিল রয়েছে।

পুলিশ জানায়, ধান ব্যবসায়ী সাধন ঘোষ বিভিন্ন এলাকা থেকে ধান ক্রয় করে বাড়তি সুবিধার জন্যে সরকারি বস্তায় ভর্তি করে খুলনা উদ্দেশ্যে যাওয়ার পথে তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশের উপপরিদর্শক মো. হাসানুজ্জামান সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি বস্তায় ধান বহন করার অপরাধে একজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা ট্রাকসহ বস্তা ভর্তি ধান ফকিরহাট খাদ্য গুদামে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।