যশোরে বাবুবাজারে আবাসিক হোটেলে অভিযানে ২নারীসহ আটক ১০

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বড়বাজারের বাবুবাজার এলাকার দুটি আবাসিক হোটেলসহ পতিতাপল্লীর আশেপাশে বুধবার অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে দুই নারীসহ ৫ জন এবং মাদক ব্যবসার অভিযোগসহ সন্দেহভাজন আরো ৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অভিযানে ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে কোতয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বাবুবাজার এলাকার হোটেল পলাশ ও হোটেল বনফুল (সাবেক স্বপ্নপুরি) এবং পতিতাপল্লীর সামনের একটি গলিতে অভিযান চালায়। এ সময় দুই হোটেল থেকে দুই নারীসহ ৫ জন এবং গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রির অভিযোগসহ সন্দেহভাজন আরও ৫ জনকে আটক করা হয়।

ছবি: সংগৃহীত।

আটকরা হলেন যশোর শহরতলীর শেখহাটির বিথি, রূপদিয়ার শাহিলা আক্তার, চৌগাছার মনিরুজ্জামান, যশোরের বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদ গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, মনিরামপুরের বিজয়রামপুর গ্রামের জাকির হোসেন, যশোর শহরের ঘোপ জেল রোডের আবু তাহের ও ছোটবালিয়াডাঙ্গা গ্রামের শরিকুল ইসলাম।

পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন গতকাল সন্ধ্যায় জানান, অভিযানে নারীসহ মোট ১০ জনকে আটক এবং ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।