নামী দামি কোম্পানির বোতলে ভেজাল মবিল, লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর-মাগুরা সড়ক সংলগ্ন মনোহরপুরের একটি ভেজাল লুব্রিকেন্ট কারখানায় বুধবার অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাবের সমন্বয়ে গঠিত একটি টিম। এ সময় সেখানে বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির বোতলে নিম্নমানের লুজ লুব্রিকেন্ট তৈরির প্রমাণও মিলেছে। তাছাড়া বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত নিসা অটো মোবাইলসের মালিক ইলিয়াস হোসেনকে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব-৬ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নিসা অটো মোবাইলসে অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, সেখানে বিভিন্ন ব্র্যান্ডের বোতলে বেআইনিভাবে লুজ লুব্রিকেন্ট ঢুকিয়ে রাখা হয়েছে বাজারজাত করার উদ্দেশ্যে।

এ ছাড়া সেখানে বিভিন্ন ব্র্যান্ডের বোতল, প্যাকেজিং ও রাসায়নিক সামগ্রী পাওয়া যায়। পরবর্তীতে প্রতিষ্ঠান মালিক ইলিয়াস হোসেনকে আটক করা হয়। এ সময় ইলিয়াস হোসেন জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি তার কারখানায় হিরো, ডনেক্স, টিভিএস ইত্যাদির বোতলে বেআইনিভাবে লুব্রিকেন্ট ঢুকিয়ে আসল পণ্য হিসেবে বিক্রি করে আসছেন।

এর প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ১ বছরের কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। আটক ইলিয়াস হোসেন সদর উপজেলার দেয়াড়া মাঠপাড়ার আজিবার গাজীর ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন বলেন, নিসা অটোমোবাইলসে বিভিন্ন ব্র্যান্ডের লুব্রিকেন্ট তৈরির কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে অভিযানে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠানের মালিক ইলিয়াস হোসেনকে ১ লাখ টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে টিভিএসসহ বিভিন্ন কোম্পানির নামে ব্যবহৃত লুব্রিকেন্টের বোতল ও অন্যান্য প্যাকেজিং সামগ্রী পাওয়া যায়। এসব বোতলে নকল বা নিম্নমানের লুব্রিকেন্ট ঢুকিয়ে বাজারজাত করা হচ্ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ইলিয়াস হোসেন দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ভেজাল লুব্রিকেন্ট বাজারজাতকরণ ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।