প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯২৪৬ শিক্ষার্থী

0
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।। ছবি: সংগৃহীত
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় সর্বমোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যার মধ্যে ট্যালেন্টপুলে (মেধা) বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন।
আজ রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের (SMS) মাধ্যমে তা সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টাল।

এবারের বৃত্তি পরীক্ষায় মোট ৮২,৫০০টি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত ছিল, যার মধ্যে ট্যালেন্টপুল ৩৩ হাজার এবং সাধারণ বৃত্তি ৪৯ হাজার ৫০০টি। এবারের পরীক্ষায় দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে এবং মোট পরীক্ষার্থীর উপস্থিতি ছিল ৪ লাখ ৮৩ হাজার ৭৫৯ জন।
পার্বত্য তিন জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ছাড়া দেশের অন্য সব জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলে এবং পার্বত্য তিন জেলায় বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

উল্লেখ্য ফল প্রকাশের আগেই ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁসের ঘটনায় আইনি ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। ফল প্রকাশের দিন ৮ জুলাই প্রস্তুত করা ফলাফল যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৯ জুলাই সকাল ১০টায় আপলোড করার অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স মো. মেহতাব কায়েসকে গত শুক্রবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে এই প্রজ্ঞাপন জারি করা হয় এবং ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।