প্রাথমিকে প্যানেলভুক্ত নিয়োগের দাবিতে অনশন গড়াল ৩২ দিনে

0

লোকসমাজ ডেস্ক॥ প্যানেলের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন নিয়োগ প্রত্যাশীরা। শুক্রবার (২০ নভেম্বর) এ কর্মসূচির ৩২তম দিন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী-২০১৮ এর সাধারণ সম্পাদক আবু হাসান জানান, ২০১৮ সালের নিয়মিত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে পরীক্ষায় অংশ নেন ২৪ লাখ প্রার্থী। ২০১৯ সালের পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৫ হাজার ২৯৫ জন। শূন্যপদ বাকি রেখে সেখান থেকে ১৮ হাজার ১৪৭ জনের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। এদিকে, পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ হাজার ১৪৮ জন প্যানেলভুক্তির অপেক্ষায় থাকলেও তাদের বিষয়টি বিবেচনা করা হয়নি। তিনি বলেন, ‘২০১৪ সালে স্থগিত হওয়া ২০১৮ সালের পরীক্ষায় উত্তীর্ণ ১৯ হাজার ৭৮৮ জনকে প্যানেলে নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ ও রাজধানীসহ জেলায় জেলায় আন্দোলন কর্মসূচি পালন করা হয়। সংসদ সদস্যদের ডিও নিয়ে মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরে আমরা আবেদনও করি। কিন্তু আমাদের যৌক্তিক দাবি এখনও বাস্তবায়ন হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।’