স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

0
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন, যা আগের তুলনায় সাড়ে চার লাখের বেশি।। ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

আজ সোমবার (৩১ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের সকলকে এই হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন তালিকা প্রকাশের মাধ্যমে দেশে মোট ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার জন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যের বিবরণ অনুযায়ী, বর্তমান মোট ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। অন্যদিকে নারী ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জনে।

ভোটার তালিকা আইন ২০০৯-এর বিধিমালা অনুসরণের কথা উল্লেখ করে ইসি সচিব বলেন, খসড়া তালিকা প্রকাশের পর নির্ধারিত সময়ে ফরম-৬-এর মাধ্যমে নতুন অন্তর্ভুক্তির দাবি, ফরম-৭-এর মাধ্যমে বাদ দেওয়ার আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে ভুল সংশোধনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা নেওয়া হয় এবং ২৭ আগস্টের মধ্যে সেগুলোর নিষ্পত্তি করা হয়। এসব আবেদনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটার তালিকায় প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন শেষে আজ ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো।

নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এরপর নভেম্বর মাস থেকে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন শুরু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন।