প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

0
রাষ্ট্রপতি কর্তৃক দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁর স্থলাভিষিক্ত হবেন এবং শপথ গ্রহণের তারিখ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২০২৮ সালের ১৭ মে পর্যন্ত এই পদে আসীন থাকবেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তাঁর বাবা প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরীও ছিলেন একজন প্রথিতযশা বিচারক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর আইনি ডিগ্রি অর্জনের পর তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম সম্পন্ন করেন। ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করা জুবায়ের রহমান চৌধুরী ২০০৫ সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি এবং ২০২৪ সালের ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।