প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

0
'আইওআরএ' বৈঠকে যোগ দিতে গিয়ে দিল্লি বিমানবন্দরে রহস্যজনক বাধার মুখে পড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।। ফাইল ছবি: সংগৃহীত

কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এক অভূতপূর্ব ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ সরকার। গতকাল রবিবার ভারতের দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও রহস্যজনক ঘটনার কড়া প্রতিবাদ জানাতেই তাঁকে তলব করা হয়। আজ সোমবার (১৫ জুন, ২০২৬) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা আনুষ্ঠানিক তলবের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্র জানায়, আজ থেকে ভারতের রাজধানী দিল্লিতে ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন’ (আইওআরএ) এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হওয়ার কথা ছিল। ওই আন্তর্জাতিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান বা নেতা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের। সে লক্ষ্যে সমস্ত প্রটোকল মেনে কূটনৈতিক চিঠি দিয়ে আগে থেকেই ভারত সরকারকে তাঁর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল। তা সত্ত্বেও, গতকাল রবিবার সন্ধ্যায় তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছালে সেখানের ইমিগ্রেশন কর্তৃপক্ষ সম্পূর্ণ ‘রহস্যজনক কারণে’ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ভারতে প্রবেশে বাধা প্রদান করে। পরবর্তীতে ভারতের উচ্চ মহলের বিশেষ নির্দেশে তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও, উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লিতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন। তিনি দিল্লি থেকেই শ্রীলঙ্কার কলম্বো হয়ে আজ সোমবার দুপুরে বিমানযোগে ঢাকায় ফিরে আসেন।

আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, “দিল্লির এই ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।” অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সাংবাদিকদের বলেন, “দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়।” তিনি আরও জানান, সরকারের সংশ্লিষ্ট উইং ইতিমিধ্যেই এই ঘটনার পেছনের বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের একজন শীর্ষ রাষ্ট্রীয় উপদেষ্টার সাথে এমন আচরণ দুই দেশের কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।