পৃথিবীর কোথাও খাবারে এতো ভ্যাট নেই : রেস্তোঁরা মালিক সমিতি

0

স্টাফ রিপের্টার॥ অর্থবছরের মাঝপথে এসে হঠাৎ রেস্তোরাঁ খাতে মূল্য সংযোজন কর-ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোয় সারা দেশের মত যশোরেও মানববন্ধনও স্মরকলিপি পেশ করেছে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি যশোর শাখা। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে সমিতির সভাপতি শফিকুর আজাদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলসান, যুগ্ম সম্পাদক রানা চৌধূরী, সাজু খাদেম, আহসান কবির মামুন, মো. হৃদয়, মো. মনিরসহ যশোরের সব রেস্টুরেন্টের মালিক ও শ্রমিকরা।
মানববন্ধন শেষে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক নাজিবুল আলমের কাছে স্মারকলিপি দেন মালিক সমিতির নেতৃবন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সারা দেশে ৪ লাখ ৮৫ হাজার রেস্টুরেন্ট রয়েছে। এর সাথে প্রায় ২ কোটি মানুষ জড়িত। রেস্তোঁরা ব্যবসার ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। এ ছাড়া সম্পূরক শুল্ক (এসডি) নামে আরও ১০ শতাংশ কর আগে থেকেই আছে। অর্থাৎ ভ্যাট ১৫ শতাংশ ও সম্পূরক শুল্ক (এসডি) ১০ শতাংশ যোগ করা হলে ভোক্তাদের মোট ২৫ শতাংশ কর দিতে হবে। গুলশান ও বনানীর মানুষেরা এই ভ্যাট দিতে পারেন। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এটা দেওয়া সম্ভব নয়। বিষয়টি অবাস্তব। পৃথিবীর কোথাও খাবারে এতো ভ্যাট নেই।