পাইকগাছায় সরিষার আবাদ ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি

0

 

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলায় মাঠে মাঠে সরিষার হলুদ ফুলে ভরে গেছে। সরিষার ফুলে মৌমাছির গুঞ্জনে কৃষকের মণ আলোড়িত হচ্ছে। মধু আহরণে মৌমাছিরা মেতে উঠেছে। ক্ষেতের পর ক্ষেত তরতাজা সরিষা গাছগুলোতে হলুদ ফুল ভরে ওঠায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।
পাইকগাছায় এবার সরিষার আবাদ ভালো হয়েছে। বৃষ্টি ও ঘন কুয়াশা না পড়ায় সরিষা চাষের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষি অফিস থেকে বিনামূল্যে কৃষকদের সরিষার বীজ ও সার দেওয়ায় সরিষার আবাদ বেড়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সরিষার চাষের উপযোগী ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী,কপিলমুনি ও রাড়ুলি সরিষার আবাদ হয়। আর চাঁদখালী, গড়ইখালী ও দেলুটিতে উঁচু এলাকার সামান্য জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকরা বারি সরিষা ১৪,১৮ বিনা-৯ ও স্থানীয় জাতের সরিষা আবাদ করেছে। উপকূলীয় উর্বর জমিতে এ বছর আশানারুপ সরিষা উৎপাদন হবে বলে কৃষকরা আশা করছে।
উপজেলার গোপালপুর গ্রামে সরিষা চাষি আনছার আলী, আব্দুস সামাদ,হিতামপুর গ্রামের জিয়া সরদার ও সলুয়ার শহিদ জানান, তাদের ক্ষেতের সরিষা আবাদ ভালো হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল ইসলাম জানান, এব ছর উপজেলায় সরিষার আবাদ ভালো হয়েছে। প্রাকৃতিক কোনো বিপর্যয়ের সৃষ্টি না হলে সরিষার আশানুরুপ ফলন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।