পাইকগাছায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আরাজী ভবানীপুরের এক সন্তানের জননী মায়ের চিকিৎসার টাকার জন্য ভ্যানে চড়ে তার চাচার বাড়ি রাড়ুলীতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাড়ুলীর নিতাই দাসের বাড়ির কাছে পৌঁছালে কয়েকজন যুবক ভ্যানের গতিরোধ করে। ভুক্তভোগীর অভিযোগ, ওই যুবকরা টেনে-হিঁচড়ে পাশর্^বর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে তাকে ফেলে রেখে চলে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর চাচা রাড়ুলীর বাঁকা বাজারের হোটেল মালিক শামিম শেখ (৩০), আবু বক্কর মোড়লের ছেলে আরমান (২৪), নুরুল মোড়লের ছেলে আসলাম(৩২) ও অজ্ঞাত দু যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২১ সেপ্টেম্বর থানায় মামলা করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (অপারেশন) রঞ্জন মিস্ত্রী জানান, আসামি আরমান মোড়ল,আসলাম মোড়ল ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওবাইদুর রহমান জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আটক তিন আসামিকে গত মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।