পাইকগাছায় প্রতিপক্ষকে চাঁদাবাজি মামলার আসামি করে সাক্ষী হওয়ার অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় প্রতিপক্ষকে চাঁদাবাজি মামলার আসামি করে সাক্ষী হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার আসামিরা জামিন আবেদন করলে শুনানি অন্তে আদালত একদিনের জামিন দিয়ে বাদীকে মঙ্গলবার আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দিয়েছেন বলে আসামিপক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণ ও অভিযোগে জানা যায়, উপজেলার ঘোষাল গ্রামের ফরহাদ নেওয়াজ শিমুর দায়ের করা চাঁদাবাজি মামলায় আবু বক্কর নায়েব, ইমরান নায়েব, নফেল মোড়ল, অসীম নায়েব ও দিলিপ বিশ্বাস আদালতে জামিন প্রার্থনা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের একদিনের জামিন মঞ্জুর করে বাদীকে মঙ্গলবার আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেন। গত ৯ ডিসেম্বর ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা ২ লাখ টাকা চাঁদা দাবি করে। যার মধ্যে ১ লাখ টাকা দেয়া হয় মর্মে ১১ জানুয়ারি থানায় ওই ৫ জনের নামে চাঁদাবাজি মামলা রুজু হয়। এ মামলায় জামিন প্রার্থনা করলে আদালত আসামিদের ১ দিনের জামিন বাদীর উপস্থিতিতে শুনানি পরবর্তী সম্পন্ন করা হবে মর্মে আদেশ দেন বলে আসামি পক্ষের আইনজীবী শেখ তৈয়েব হোসেন নূর জানান। এদিকে, মামলার ৫ নম্বর আসামি মঠবাটী গ্রামের দিলিপ বিশ্বাস জানান, তার প্রতিপক্ষ মামলার ২ নম্বর সাক্ষী রসময় বিশ্বাসের সাথে জায়গাজমি নিয়ে বিরোধ থাকায় সে এ মামলায় আমার নাম অন্তর্ভূক্ত করে সাক্ষী হয়েছে। বাদী ফরহাদ নেওয়াজ শিমু জানান, উদ্দেশ্যমূলকভাবে কারোর নাম এ মামলায় অন্তর্ভূক্ত করা হয়নি। সত্য ঘটনার আলোকে মামলাটি করা হয়েছে।