জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি : সংগৃহীত

চলতি জুলাই ও আগামী আগস্ট মাসে দেশে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে সম্ভাব্য এই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে বলে তিনি আশ্বস্ত করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় ইতিমধ্যে থানা, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তকরণের ‘এনএসওয়ান (NS1)’ পরীক্ষার কিট পাঠানো হয়েছে। এর পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য বড় শহরগুলোতে বিশেষায়িত হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে, যা রোগী বৃদ্ধির সাথে সাথে ধাপে ধাপে চালু করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও সামাজিক আন্দোলনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, কেবল চিকিৎসা দিয়ে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়; বরং মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এর সবচেয়ে কার্যকর উপায়। এই লক্ষ্যে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের তথ্য তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘ ২৫ বছর পর ঢামেক হাসপাতালের প্যাথলজি বিভাগে একটি অত্যাধুনিক ‘টেন হেডেড মাইক্রোস্কোপ’ যুক্ত করা হয়েছে, যার ফলে এখন থেকে ক্যানসার শনাক্তকরণ প্রক্রিয়া আরও নির্ভুল ও কার্যকর হবে। চিকিৎসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের সমকক্ষ করতে দেশের মেডিকেল কারিকুলামেও প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়াও, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসন সমস্যা সমাধান ও সার্বিক অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এই হাসপাতাল পরিদর্শনে আসবেন।