পাইকগাছায় নদীর চর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 

0
ছবি: সংগৃহীত।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামের বেতাঙ্গী বদ্ধ নদীর চর থেকে বিরিঞ্চি মন্ডল (১০৫) নামে এক শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে থানা পুলিশ ও নৌ-পুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত বিরিঞ্চি মন্ডল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ও মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার রাতে রাতের খাবার খাওয়ার পর তিনি বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে চলে যান। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেননি। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা বেতাঙ্গী বদ্ধ নদীর চরে তার লাশ পড়ে থাকতে দেখেন।

নিহতের বড় ছেলে উজ্জ্বল কুমার মন্ডল জানান, “সকালে খবর পেয়ে নদীর চরে গিয়ে বাবার লাশটি শনাক্ত করি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাইকগাছা থানা পুলিশ ও নৌ-পুলিশের একটি দল।

পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। যেহেতু তার বয়স ১০৫ বছর এবং মৃত্যুর পেছনে পরিবারের কোনো অভিযোগ বা সন্দেহ নেই, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।